সোমবার, ২৯ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ২১:০৮

মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা || আটক ২

মাহবুব আলম লাভলু।।
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা || আটক ২
ছবি ক্যাপশন: বাছুর চুরির অভিযোগে জনতার হাতে আটক দুজন। পাশে প্রাইভেটকারসহ বাছুর।

দিবালোকে রাস্তার পাশে বাঁধা একটি গরুর ছোট্ট বাছুর প্রাইভেটকারে তুলে নিয়ে পালানোর চেষ্টা করে চোরচক্র। বাধা হয়ে দাঁড়ান এক অটোরিকশা চালক। তাঁর সাহসিকতা আর স্থানীয়দের তৎপরতায় ভেস্তে যায় চোরদের পরিকল্পনা। ঘটনাস্থলেই ধরা পড়ে কথিত চোর চক্রের দু সদস্য। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাইভেটকার থেকে জীবিত উদ্ধার করা হয় বাছুরটি। রোববার (২৮ জুন ২০২৬) দুপুরে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকার দেওয়ানজীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, আওলাদ ঢালীর একটি গরু ও তার ছোট্ট বাছুর রাস্তার পাশে বাঁধা ছিলো। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকারে এসে কুমিল্লার লাকসাম উপজেলার বেলাল ও বিল্লাল নামে দু যুবক জোরপূর্বক বাছুরটিকে টেনেহিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে পালানোর চেষ্টা করে।

ঘটনাটি প্রত্যক্ষ করেন অটোরিকশাচালক হাবিবুল্লাহ। তিনি তাৎক্ষণিকভাবে বাধা দিলে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। এক পর্যায়ে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে দু যুবককে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। একই সময় প্রাইভেটকার থেকে বাছুরটিকে জীবিত উদ্ধার করা হয়।

বাছুরটির মালিক আমান উল্লাহ বলেন, আমার বাঁধা বাছুরটি প্রাইভেট কারে তুলে নিয়ে যাচ্ছিলো। এলাকার মানুষ না থাকলে হয়তো আর ফিরে পেতাম না। যারা উদ্ধার করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। খবর পেয়ে মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান ঘটনাস্থলে পৌঁছে জনতার হাত থেকে আটক দু যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যান। এ সময় চুরির কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়। মতলব উত্তর থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়